কেশবপুরে হরিহর নদে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

যশোর সংবাদদাতা।।
যশোরের কেশবপুরে হরিহর নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আমজাদ হোসেন মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে আলতাপোল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন মোড়ল আলতাপোল গ্রামের মৃত আমির আলী মোড়লের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে আমজাদ হোসেন মোড়ল হরিহর নদের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদের ঘাটে গিয়ে তাকে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে অংশ নেন এবং খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দল দুপুর ১টা ৫৫ মিনিটে নদ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কেশবপুর ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। পরে তাদের সহায়তায় নদ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




















