চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার উপনির্বাচনে একজনের মনোনয়নপত্র বাতিল

দর্শনা পৌরসভা উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসলাম আলী তোতার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে আওয়ামী লীগের আতিয়ার রহমান হাবু ও স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান আরিফের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা তারিকুজ্জামান সাংবাদিকদেরকে জানান, আরিফুজ্জামান আরিফ ও আতিয়ার রহমান হাবুর সব কাগজপত্র সঠিক থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, শেখ আসলাম আলী তোতার কাগজপত্র সঠিক ছিল। তবে স্বতন্ত্র প্রার্থী হতে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট ফর্মে ১০০ ভোটারের নাম, স্বাক্ষর ও ঠিকানা থাকার শর্ত ছিল। শেখ আসলাম আলী তোতার ১০০ জন ভোটারের নাম, স্বাক্ষর ও ঠিকানাযুক্ত ফর্ম জমা দিয়েছিল। এরমধ্যে তারা ৫ জনের নাম, স্বাক্ষর ও ঠিকানা যাচাই করলে ৪ জন তথ্য ঠিক থাকলেও একজনের নাম ঠিকানা নির্বাচন কমিশনের কম্পিউটারের ডাটাবেজে ছিল না। এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে, গুনজন উঠেছে আতিয়ার রহমান হাবু বিনা প্রতিদন্দীতায় জয়ী হবেন। কারণ স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান আরিফ আওয়ামী লীগের প্রার্থী আতিয়ার রহমান হাবুর সাথে এক মঞ্চে নির্বাচনী আলোচনা সভা করছেন। শিগগিরই আরিফ মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।।























