বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে বাবা খুন

বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে মতিউর রহমান (৭৫) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে। পুলিশ ছেলে আলাউদ্দিনকে (৩৮) আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কিছুটা মানষিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। শুক্রবার সকালে বাবার কাছে টাকা চান তিনি। কিন্তু বাবা মতিউর রহমান টাকা না দেয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শীলনোড়া দিয়ে এলোপাতারী আঘাত করে পিতার মাথা, পা ও হাত থেতলে দেন। ঘটনাস্থলেই মতিউর রহমানের মৃত্যু হয়। প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। হত্যায় জড়িত ছেলে আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এর আগে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসারপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলাও রয়েছে।।























