২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক।।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ ধরনের বৈঠকের সিদ্ধান্ত অনেক সময় একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান বলেও উল্লেখ করেন তিনি। তবে কার কার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তা সফরের সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে। এ সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের উদ্যোগ রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
্




















