অনলাইন ডেস্ক।।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত ডুলাহাজারা সাফারি পার্কে শীত মৌসুম এলেই দেখা মেলে অতিথি পাখির। পার্কের লেকজুড়ে শত শত অতিথি পাখির ওড়াউড়ি ও বিচরণে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। স্বচ্ছ পানির লেকে দল বেঁধে ভেসে বেড়ানো পাখিদের দেখে মুগ্ধ হচ্ছেন পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা।
প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে অতিথি পাখির আগমন ঘটেছে ডুলাহাজারা সাফারি পার্কে। তবে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত নানা কারণে আগের তুলনায় পাখির সংখ্যা কিছুটা কমেছে বলে মনে করছেন দর্শনার্থী ও সংশ্লিষ্টরা। জানা গেছে, নভেম্বর-ডিসেম্বর মাসে হিমালয়ের উত্তরে তীব্র শীত শুরু হলে সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল, জিনজিয়াং ও ভারতের শীতপ্রধান অঞ্চল থেকে পাখিরা উষ্ণতার খোঁজে পাড়ি জমায় দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চলে। এ সময় বাংলাদেশে বিভিন্ন জলাভূমি ও লেক অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। এর মধ্যে ডুলাহাজারা সাফারি পার্ক অন্যতম। সাফারি পার্ক সূত্র জানায়, এ বছর তুলনামূলক বেশি শীত পড়ায় অতিথি পাখির আগমন কিছুটা কম হয়েছে। তবে যেসব পাখি এসেছে, তাদের কলকাকলিতে পার্কের আকাশ ও লেকজুড়ে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। এসব অতিথি পাখির অধিকাংশই হাঁসজাতীয় এবং তারা মূলত লেকের পানিতে বিশ্রাম নেয়। অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা অঞ্চলসহ বিভিন্ন দেশ থেকে আগত পাখির মধ্যে সরালি, পচার্ড, গার্গেনি, ফ্লাইফেচার, ছোট জিরিয়া, পান্তামুখী, পাতারি হাঁস, মুরগ্যাধি, জলকুক্কুট, খয়রা, কামপাখি, মানিকজোড়, কলাই, জলপিপি, নাকতা, খঞ্জনা, চিতাটুপি, বামুনিয়া হাঁস, লাল গুড়গুটি, নর্দান পিনটেল ও কান্ডেচড়া উল্লেখযোগ্য। মাঝে মধ্যে আরও নানা প্রজাতির পাখির দেখা মেলে পার্ক এলাকায়।
পার্কে ঘুরতে আসা দর্শনার্থী উৎপল চৌধুরী বলেন, ‘পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে এসেছি। এই সময়ে অতিথি পাখির আগমন হয় জেনে এখানে আসা। লেকে পাখির ওড়াউড়ি দেখে খুব ভালো লাগছে, শিশুদের জন্যও দারুণ অভিজ্ঞতা।’
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, প্রতিবছরই শীত মৌসুমে পার্কের লেকে অতিথি পাখির আগমন ঘটে। এবারও এসেছে, তবে সংখ্যা কিছুটা কম। দর্শনার্থীরা যেন পাখিদের বিরক্ত না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। পার্ক কর্তৃপক্ষও এ বিষয়ে নজরদারি জোরদার করেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com