
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। সেজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরায় তিনটি থানা (বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন ফোর্সের থাকা খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। পরিদর্শনকালে আমি দেখেছি, তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। সেজন্য বিভিন্ন থানা সরেজমিন পরিদর্শন করে দেখছি।
তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন/নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য থানাও নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে।
ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় হয়রানি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় যাতে কাউকে হয়রানি না করা হয় সেজন্য পুলিশকে অনেক আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এসময় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও সঠিক তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট ওসিদের নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হবে।
১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অত সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, থানার সামনে প্রেস ব্রিফিংয়ের জন্য সুশৃঙ্খলভাবে জড়ো ও সংগঠিত হওয়ার জন্য সাংবাদিকদের কিন্তু সময় লেগেছে। একইভাবে আমাদের সময় দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। তিনি এসময় আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোন রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com