অনলাইন ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এটি নিছক আইফোন ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
আজ শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কুমিল্লার এসপি বলেন, ‘আমাদের একাধিক তদন্ত দল মাঠে কাজ করছে এবং কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। কী কারণে এই ছোট শিশুটিকে হত্যা করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। এটি কি শুধু একটি আইফোনের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তাও তদন্ত করে দেখা হবে।’
তিনি আরও বলেন, ‘আজকের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি আমাদের অন্তরকে নাড়া দিয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করা না হচ্ছে, ততক্ষণ আমরা নিরলসভাবে কাজ করে যাব।’
এদিকে, আজ বিকেল ৫টার দিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com