
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীবলেছেন, আওয়ামীলীগের দোসর নন তবে সমর্থন করেন, সামাজিকভাবে এমন গ্রহণযোগ্য আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবেন না। তবে একজন ভালো লোক, আওয়ামী লীগের চিহ্নিত দোসর নন, হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেন, আমরা জানি না। তিনি কাকে ভোট দিয়েছেন, তাও জানি না। কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, কখনও রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি। বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি, পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। তাদের সদস্য করতে বাধা নেই।’
আজ ১৭ মে দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির খসরু আরও বলেন, ‘কারা বিএনপির নতুন সদস্য হতে যাচ্ছেন? এটার একটি ক্রাইটেরিয়া (মানদণ্ড) আছে। এটার একটি দিকনির্দেশনা আছে। এটা মাথায় রাখতে হবে। সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে পরিচিত, যারা সমাজে অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এসব লোককে যথাসম্ভব দলের বাইরে রাখার চেষ্টা করবেন। যারা থাকলে বিএনপির ভোট কমে যাবে, যাদের চেহারা দেখলে মানুষ সরে যাবেন, মানুষ আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করবেন, তাদের দূরে রাখার চেষ্টা করবেন।’
তিনি বলেন, ‘সবাই মিলে চেষ্টা করতে হবে, সমাজের বৃহত্তর অংশকে সদস্য সংগ্রহ কর্মসূচির আওতায় নিয়ে আসার। কেননা বিএনপি দেশের বৃহত্তম দল। আর সদস্য হতে হবে দিনের আলোয়। অন্ধকারে নয়। এখানে যেভাবে দিনের আলোয় করা হচ্ছে, সেভাবে প্রতিটি থানা, প্রতিটি ইউনিয়নে করতে হবে। এখানে লুকোচুরির কিছু নেই। ফেসবুকে দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দিতে হবে। বিএনপির সদস্য হওয়া গর্বের।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com