
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। দিবসটিকে কেউ সিপাহী জনতার অভ্যুত্থান দিবস, আবার কেউ কেউ মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস হিসেবে আখ্যায়িত করেন। তবে যে নামেই আখ্যায়িত করা হোক না কেনো, ১৯৭৫ সালের এই দিনটি একটি ঐতিহাসিক দিবস হিসেবে বিবেচিত হয়ে আসছে।
১৯৭৫ সালের পনের আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যার পর একই প্রতিক্রিয়াশীল শক্তি জেলখানার অভ্যন্তরে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। এর মাত্র চারদিন পরই সাত নভেম্বর আসে এই অভ্যুত্থান।
১৯৭৫ সালের এদিনে সিপাহী বিপ্লবের প্রথম ধাপে হত্যার শিকার হন খালেদ মোশাররফ বীরউত্তম, কে এন হুদা বীরউত্তম এবং এ টি এম হায়দার বীরবিক্রম। দশম বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তরে অবস্থানকালে সকালে তাদের একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করে দুজন কোম্পানি কমান্ডার আসাদ এবং জলিল।
সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহ্যাস এ ব্যাপারে তার গ্রন্থে লিখেছেন ‘এ ছাড়াও এদিন উচ্ছৃংখল জওয়ানরা একজন মহিলা ডাক্তারসহ ১৩ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এমনকি একজন সেনা কর্মকর্তার স্ত্রীকেও এ সময় হত্যা করা হয়।’ এরই ধারাবাহিকতায় একজন পঙ্গু হওয়া সত্বেও কর্ণেল তাহেরকে গোপন আদালতের বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
লেখক গবেষক গোলাম মুরশিদ তার ‘মুক্তিযুদ্ধ ও তারপর’ গ্রন্থে লিখেছেন কর্নেল শাফায়াত জামিল বিদ্রোহের খবর পেয়েও থেকে গিয়েছিলেন বঙ্গভবনে। কিন্তু যখন বিদ্রোহী সেনারা স্লোগান দিতে দিতে বঙ্গভবনের কাছাকাছি পৌঁছে যায় তখন তিনি সঙ্গীদের নিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। এতে তার পা ভেঙ্গে যায় এবং পরে ধরা পড়েন। তার জায়গা হয় সামরিক হাসপাতালে। অবশ্য তিনি বেঁচে গিয়েছিলেন।
এর আগে ৬ নভেম্বর ভোর রাতে গৃহবন্দী হয়ে পড়া জিয়াউর রহমানকে মুক্ত করতে যান ল্যান্সার বাহিনীর একটি দল। তারা জিয়াকে মুক্ত করে নিয়ে আসেন আর্র্টিলারি রেজিমেন্টের দপ্তরে।
লেখক গবেষক গোলাম মুরশিদ বলেন, মুক্তি পেয়েই জিয়াউর রহমান সদ্য নিযুক্ত রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সময় নিজেকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। দিবসটি স্মরণে আজ বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com