
চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে জনতার হাতে এক চোর আটক হয়েছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে জামাল হোসেন নাড়ারচারা মাঠে তার কৃষিজমিতে সৌরবিদ্যুৎচালিত দুটি গাজী ব্র্যান্ডের পানির পাম্প স্থাপন করেন। পাম্প দুটির আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। এছাড়া সৌরবিদ্যুৎ সংযোগে ব্যবহৃত পাঁচটি কয়েল তারের মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
গত ১৯ জুলাই দিবাগত রাতে পাম্প দুটি ও পাঁচটি কয়েল তার চুরি হয়ে যায়।
গত মঙ্গলবার সকাল ৭টার দিকে খবর পেয়ে জামাল হোসেন পাঁচলিয়া গ্রামে যান। সেখানে আলমডাঙ্গা থানাধীন টেকপাড়া-পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনতার হাতে আটক এক ব্যক্তিকে তিনি চোর হিসেবে শনাক্ত করেন।
পরে আলমডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক ব্যক্তি তার সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করেন।
আটক ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার শান্তিপাড়ার আক্কাস আলীর ছেলে ইউনুচ আলী। তিনি জিজ্ঞাসাবাদে গত ১৯ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে জামাল হোসেনের দুটি পানির পাম্প ও পাঁচটি কয়েল তার চুরি করার কথা স্বীকার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আটক আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com