
আলমডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যেতে বসা এ গ্রামীণ খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে সম্প্রতি বন্ডবিল গ্রামের মাঠে এ আয়োজন করা হয়।
খেলায় এলাকার আটটি দল অংশ নেয়। জুনিয়র ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে দুপুরের পর থেকেই বন্ডবিলসহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত দর্শক মাঠে জড়ো হন।
দর্শকদের করতালি ও উৎসাহে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় গ্রামাঞ্চলে গাদন খেলার ব্যাপক প্রচলন ছিল। তবে আধুনিক বিনোদনের প্রসার ও সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে।
তাঁরা বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং বর্তমান প্রজন্মকে দেশীয় খেলাধুলার সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। প্রতিবছর এমন খেলা বা মেলার আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com