আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে হাত-পা বাঁধা অবস্থায় পুকুরের পানিতে অচেতন অবস্থায় সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মোহত আলীর ছেলে সাইদুর রহমান পেশায় একজন গাছকাটা দিনমজুর। এলাকাবাসীর কাছে তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মঞ্জিলুর রহমানের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে সাইদুর রহমানের বিরোধ চলে আসছিল। পাশাপাশি বসবাসের কারণে জমির সীমানা ও দখল নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হতো।
গত ১৩ জুন শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ একই পাড়ার একটি মাদ্রাসার পেছনে অবস্থিত পুকুর থেকে সাইদুর রহমানকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।
কে বা কারা সাইদুর রহমানকে হাত-পা বেঁধে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করেছে, সে বিষয়ে এলাকাবাসী নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। তবে তার পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে মঞ্জিলুর রহমানের সঙ্গে বিরোধই এ ঘটনার প্রধান কারণ হতে পারে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন সুস্থ মানুষকে এভাবে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা ও এলাকাবাসী।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল বলেন, “সাইদুর রহমানকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। খুব দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে।”
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com