অনলাইন ডেস্ক।।
পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৬) খুন হয়েছেন। আদালতে তিনি একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী রিপা আক্তার। সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন লক্ষ্মীপুর সদরের মোবারক কলোনির এস এম ইকবাল হোসেনের ছেলে।
নিহত মামুনের স্ত্রী রিপা আক্তার জানান, আমার স্বামী বিএনপি সমর্থিত একজন কর্মী ও পাশাপাশি ব্যবসা করতো। তার কোর্টে হাজিরা ছিল। আমরা জানতে পারি আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে এসে আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই। স্বামীকে হারিয়ে ভাঙা কণ্ঠে লাশের পাশে বসে স্ত্রী রিপা আক্তার বলেন, ইমন ছাড়া কেউ এই কাজ করে নাই। কয়েক দিন আগে ইমনই লোক দিয়ে মামুনকে মারধর করেছিল।
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, বেলা ১১টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনি। দৌড়ে গিয়ে দেখি এক ব্যক্তি রাস্তায় পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসি। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের সামনে থাকা আরেক প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, একটা গাড়ি থেকে নামল (নিহত মামুন), তার সঙ্গে একজন ছিল। দেখে মনে হলো বিত্তশালী হবে। সঙ্গে স্যামসাং এস সিরিজের মোবাইল দেখেছিলাম। তাকে তাক করেই দু’জনকে গুলি করতে দেখলাম। এই প্রত্যক্ষদর্শী আরো বলেন, পেছনে রাস্তায় পুলিশ ছিল, হাসপাতালের গেটে নিরাপত্তাকর্মীরা ছিল। গুলির আওয়াজ শুনে সবাই এদিক-সেদিক ছোটাছুটি করছিল। প্রথম যখন গুলি করে, সে রাস্তার ওপর থেকে দৌড়ে ন্যাশনাল মেডিক্যালের দিকে এগিয়ে আসতেছিল। মেইন গেট থেকে দু’-তিন ফুট সামনে গিয়ে পড়ে যায়। স্ত্রী রিপা জানান, তার স্বামী মামুনের মিরপুরে একটি গার্মেন্টস ব্যবসা ছিল। দুই মেয়েকে নিয়ে আফতাবনগরের এফ-ব্লকে থাকতেন তারা।
ডিএমপি লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, গুলিতে নিহত ব্যক্তিটি চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তিনি ব্যবসায়ী নন, ইমন-মামুন গ্রুপের মামুন। এর আগেও তার ওপর ২০২৩ সালে হামলা হয়েছিল। তখন এক পথচারী নিহত হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গ্রুপ ইমন-মামুন চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। ঢালিউড নায়ক সোহেল চৌধুরী হত্যা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলাতেও এ গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল। এদিকে মামুন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। কিন্তু কোর্টে পৌঁছানোর আগেই দুর্বৃত্তদের হাতে প্রাণ হারালেন তিনি। ঘটনার পর থেকে সূত্রাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ এ দেখা যায়, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন দুই ব্যক্তি খুব কাছে থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে। গুলি করার পর দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ‘ইমন-মামুন’ বাহিনী।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com