
ইসরায়েলের হামলার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি নিয়ে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে ইরান।দেশটির সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল গতকাল শনিবার এই হামলা চালায়।
ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং তেহরান ও পশ্চিম ইরানের কিছু স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়েছে।
আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতিও দায়িত্বের বিষয়টি তারা স্বীকার করে।
গত ১ অক্টোবর ইসরায়েলে ইরান যে প্রায় দুশো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো। তার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালাবে- গত কয়েক সপ্তাহ ধরে ধারণা করা হচ্ছিল।
তেহরান তখন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ওই হামলার কথা বলেছিলো। ইসমাইল হানিয়ে গত জুলাইয়ে তেহরানেই হত্যাকাণ্ডের শিকার হন। তবে ইসরায়েল ও তার সহযোগীরা ইরানের বহু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিলো। যদিও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েল মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানতে সক্ষম হয়।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে এবার হামলা করেছে ইসরায়েল। এসব হামলা সাফল্যের সঙ্গে মোকাবেলার দাবি করছে দেশটির সামরিক বাহিনী। একই সাথে কিছু জায়গায় ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলেও জানিয়েছে তারা।
ইসরায়েলের হামলার পর ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় দেখা যায়, বিভিন্ন শহরে স্বাভাবিক অবস্থা রয়েছে। স্কুল ও খেলাধুলাও স্বাভাবিক চলছে।
ইরানে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী তাদের অভিযানের বিষয়টি ঘোষণা করে। আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ‘ইসরায়েল রাষ্ট্রের আত্মরক্ষায়’ নিজেদের প্রস্তুতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের সামরিক বাহিনী। একই সাথে তিনি সতর্ক করে দেন যে ইরান নতুন করে উত্তেজনা তৈরি করলে ‘ইসরায়েল জবাব দিতে বাধ্য হবে’।
এদিকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পাল্টা কোন হামলা না করার জন্য ইরানের প্রতি আহবান জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সহিংসতার এই চক্র বন্ধের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com