
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল ৬ জুন ঈদুল আজহা পালিত হবে—এই উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
ড. ইউনূস বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এটি মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ত্যাগের অনন্য নিদর্শন। হযরত ইব্রাহিম (আ.) যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তান ইসমাইল (আ.)-কে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, তখন থেকে এই ত্যাগের আদর্শ অনুসরণ করে বিশ্বের মুসলমানরা পশু কুরবানি দিয়ে থাকেন।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহার এই ত্যাগ ও আত্মসমর্পণের শিক্ষা কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য আদর্শ হয়ে থাকবে। এই ঈদ মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্যের শিক্ষা দেয়। কুরবানির পশুর মাংস গরিব আত্মীয় ও দরিদ্রদের মাঝে ভাগ করে দিয়ে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা হয়।”
ড. ইউনূস তাঁর বাণীতে ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, আমরা ঈদুল আজহার ত্যাগের মহামূল্যবান শিক্ষা হৃদয়ে ধারণ করি। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশকে গড়ে তুলি একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে।”
বাণীর শেষে তিনি মহান আল্লাহর কাছে বাংলাদেশের অগ্রগতি, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং বলেন, “মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com