
মোঃ আব্দুর রহমান অনিক।।
রমজানের সিয়াম সাধনার শেষে যখন ঈদের খুশির আভাস মেলে ধরছে চারপাশে, তখন চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারসহ বিভিন্ন মার্কেটে জমে উঠেছে কসমেটিকস্ ও অলংকারের কেনাকাটা। কিশোরী থেকে শুরু করে তরুণী, গৃহবধূ থেকে মধ্যবয়সী – সবাই ছুটছেন ঈদের সাজসজ্জার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে।
একসময় ফেরিওয়ালারা পাড়ায় পাড়ায় ঘুরে চুড়ি, ফিতা, স্নো, পাউডার, লিপস্টিকসহ সাজের সরঞ্জাম বিক্রি করত। সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি। আধুনিক যুগে অনলাইন শপিং ও বাজারের বড় বড় মার্কেটই হয়ে উঠেছে কেনাকাটার প্রধান কেন্দ্র। কিন্তু ঈদ উপলক্ষে এখনো দোকানগুলোতে ফিরে আসে সেই পুরনো আমেজ।
দর্শনার রেলবাজারে জমে উঠেছে দেশি-বিদেশি কসমেটিকস্ ও ইমিটেশনের অলংকারের পসরা নিয়ে। বিশেষ করে মেহেদী, আংটি, ব্রেসলেট, চুড়ি, নেকলেস সেট ও মেকআপ সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েই চলছে। বিলাসী কসমেটিকস এর মালিক মো: আলী হোসেন জানান, দর্শনার রেলবাজারে দেশি-বিদেশি কসমেটিকস ও ইমিটেশনের অলংকারের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, যা স্থানীয় বাজারের ক্রয়চিত্রকে নতুন মাত্রা দিচ্ছে। বিশেষ করে নারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মেহেদী, আংটি, ব্রেসলেট ও মেকআপ সামগ্রী। ব্যবসায়ীদের জন্য এটি ইতিবাচক দিক, তবে মান ও মূল্যসাম্যের প্রতি সচেতন থাকাটাও গুরুত্বপূর্ণ।
মূল্য তালিকা: মেহেদী: ৩০ - ৫০ টাকা,
পাঞ্চক্লিপ: ১০ - ২০০ টাকা, মেকআপ ফাউন্ডেশন: ২০০ - ৫৫০ টাকা, ব্রেসলেট: ৮০ - ৩০০ টাকা, চুড়ি: ১০০ - ২০০ টাকা, মেটাল চুড়ি: ১৮০ - ২৫০ টাকা, পায়েল: ১০০ -৩০০ টাকা, মেকআপ বক্স: ৩৫০ - ১৫০০ টাকা,আইশ্যাডো: ২০ - ৯০০ টাকা,কমপ্যাক্ট পাউডার: ১৫০ - ৮০০ টাকা, লিপস্টিক ও নেইলপলিশ: ১০০ - ৩৫০টাকা, ইমিটেশনের আংটি: ৭০ - ৯০০ টাকা,হেয়ারব্যান্ড: ৫০ - ২৫০ টাকা, কানের দুল: ১০০ - ৭০০ টাকা, চুড়ি সেট (জোড়া): ১৫০ - ১৫০০ টাকা,নেকলেস সেট: ৪০০ - ৩০০০ টাকা।
মাহিয়া বিনতে তাবাসসুম নামের এক ক্রেতা জানালেন, “মেহেদী কিনবো, সাথে ইমিটেশন জুয়েলারি কেনার ইচ্ছা। সারা বছর তেমন কেনা হয় না, তাই ঈদের এ সময়টাতে বেশি করে কিনে রাখি।” আরেকজন ক্রেতা স্মৃতিচারণা করে বললেন, “ছোটবেলায় বাড়িতে আসা ফেরিওয়ালাদের কাছ থেকে চুড়ি, ফিতা, কসমেটিকস্ কিনতাম। সেই দিনগুলো খুব মনে পড়ে। ঈদের সময়ে মার্কেটে না এলে আবার ভালোলাগে না।”
দর্শনা রেলবাজারের কসমেটিকস্ বিক্রেতারা জানালেন, “এখন বেচাকেনা শেষের দিকে । মেহেদী যা একটু বিক্রি হচ্ছে। সাধারণত ২২ বা ২৫ রোজার পর থেকে কসমেটিকস্ এর বিক্রি বেড়ে যায়। আশা করছি সামনে বিক্রি আরও বাড়বে।”
চুয়াডাঙ্গার দর্শনার ঈদ বাজারে কসমেটিকস্ ও ইমিটেশনের অলংকারের ব্যস্ততা ক্রমশই বাড়ছে। ঈদের দিনকে কেন্দ্র করে উৎসবের আনন্দকে আরো রঙিন করতে নারীদের সাজসজ্জার প্রস্তুতিও চলছে পুরোদমে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com