
শ্রীলঙ্কাকে ঋণ পরিশোধে বাংলাদেশ আরো ৬ মাস সময় দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রীলঙ্কাকে যে ঋণ দিয়েছি সেটা পরিশোধে আগামী মার্চ নয়, আমরা তাদের সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে তারা ইনশাআল্লাহ দিয়ে দেবে।
ঋণ দিয়ে ‘দুর্দিনে পাশে দাঁড়ানোর’ কারণে শ্রীলঙ্কা তাদের উৎসবের সময়ে বাংলাদেশকে ‘বেশ সম্মান দিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক সঙ্কটে পড়ায় শ্রীলঙ্কা সরকার ২০২১ সালে বাংলাদেশের কাছ থেকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছিলো। সেই ঋণ গত বছর এপ্রিলে শোধ দেওয়ার কথা ছিলো। এরপর চলতি বছর মার্চে ঋণ শোধের জন্য সময় নেয় তারা। এবার আরো ৬ মাস ঋণ পরিশোধের সময় বাড়ানোর কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শ্রীলঙ্কা সরকারের আমন্ত্রণে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে রোববার কলোম্বো থেকে ঢাকায় ফিরেছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com