আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ঘোষণা করেছেন, শত্রুকে ইরানের এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা ইরানের ওপর হামলা চালাবে, তাদের বিরুদ্ধে তেহরান কঠোর ও জোরালো জবাব দেবে। একই সঙ্গে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পেজেশকিয়ান বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে তার জবাব দেওয়া ছাড়া তেহরানের সামনে আর কোনো বিকল্প থাকে না।
যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতেও তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।
আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি বলেন, এখন পর্যন্ত ইরান মূলত প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে ভবিষ্যতে তারা আরও উন্নত ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে তারা ‘সর্বশক্তি দিয়ে’ যুদ্ধ চালিয়ে যাবেন।
তেহরানে জ্বালানি স্থাপনায় হামলা, ‘কালো বৃষ্টি’
ইসরায়েলি হামলায় তেহরানের একাধিক জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার পর রাজধানী তেহরানের আকাশে ঘন কালো ধোঁয়ার মেঘ জমে যায়।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেল ডিপোতে আগুন লাগার পর শহরের আকাশে তেলমিশ্রিত ধোঁয়ার কারণে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ঝরতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টির পানি কালচে রঙের এবং এতে তেলের গন্ধ রয়েছে।
ভিডিও ফুটেজে তেহরানের শাহরান তেল শোধনাগার এলাকা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।
মধ্যপ্রাচ্যজুড়ে হামলার বিস্তার
সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর এবং জর্ডানের একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
অন্যদিকে সৌদি আরব, কাতার ও কুয়েতও নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। কুয়েতের একটি বিমানবন্দরের জ্বালানি ট্যাংকারে হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতির কারণে দেশটির জাতীয় তেল কোম্পানি অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।
লেবাননেও সংঘাত বাড়ছে। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু। একই সময় লড়াইয়ে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও স্বীকার করেছে ইসরায়েল।
আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুনতেই হবে : ইরান
ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে, সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ এবং এ জন্য তাকে মাশুল গুনতেই হবে। তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না।
গতকাল শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, ‘এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে- তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন, ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেনÑ এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন।’ ‘এবং তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদাজলে আটকা পড়েছে।’ ‘তবে আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন, সে জন্য তাকে মাশুল গুনতেই হবে।’
যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র সহায়তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরান আত্মসমর্পণ করলে নতুন নেতৃত্বের অধীনে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে ২৭ হাজারের বেশি বোমা সরবরাহের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৬৬ কোটি ডলারের এই অস্ত্র প্যাকেজে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার বোমা, ৫০০ পাউন্ডের ১০ হাজার বোমা এবং ছোট আকারের প্রায় ৫ হাজার বোমা রয়েছে।
নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া
যুদ্ধের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের বিশেষজ্ঞ পর্ষদ জানিয়েছে, সম্ভাব্য একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি।
কূটনৈতিক সমাধানের আহ্বান
সংঘাত বাড়তে থাকায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে। রবিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই যুদ্ধ কোনোভাবেই কাম্য ছিল না এবং সামরিক শক্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক সংলাপই বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ।
এদিকে, ইরান বিষয়ে সংলাপের পরিবেশ তৈরি করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান। গত শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান এ কথা বলেন।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেছেন, ইরানের বিষয়ে সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে আরও কিছু করা যেতে পারে। তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আঙ্কারা ইরানের ওপর হামলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় মারাত্মক ক্ষতি করতে পারে।
বৈশ্বিক প্রভাবের আশঙ্কা
মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। সেখানে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং শেয়ারবাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com