
জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে বেশ কিছু অনিয়মের তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যসেবা প্রদান, দাপ্তরিক কার্যক্রম, সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হাসপাতালের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা দায়িত্ব পালনে গাফিলতি রয়েছে কি না, তা যাচাই করেন তারা।
কালীগঞ্জ হাসপাতালে দুদকের অভিযান, মিলল অনিয়ম
কালীগঞ্জ হাসপাতালে দুদকের অভিযান, মিলল অনিয়ম
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ সংযুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। পরে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে এর আগেও একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রকাশের পর হাসপাতালের সেবার মান, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়। রোগী ও তাদের স্বজনদের মধ্যেও হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
সরকারি অর্থায়নে পরিচালিত এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং অনিয়ম-অব্যবস্থাপনা দূর করার দাবি দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে দুদকের এ অভিযানকে গুরুত্বের সঙ্গে দেখছেন স্থানীয় সচেতন মহল।
তবে অভিযানে সুনির্দিষ্ট কী কী অনিয়ম পাওয়া গেছে, এসবের সঙ্গে কারা জড়িত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানতে দুদকের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com