
দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
কুমিল্লায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মহানগর কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগরীর মোগলটুলী এলাকার ‘ফারুকী হাউস’-এ অবস্থিত কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মহানগর কমিটি গঠন ও আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য আমির নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই দলের শীর্ষ নেতাদের মধ্যে চরম মতবিরোধ চলছিল। গুঞ্জন ওঠে, বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন আমির নির্বাচিত হতে যাচ্ছেন, যা নিয়ে একাংশের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় পার্টি অফিসের তিন তলায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক এ টি এম মাছুমের উপস্থিতিতে এক রুদ্ধদ্বার বৈঠক চলছিল। বৈঠকে সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া, একরাম হোসেন বাবু ও শাহীনসহ কয়েকজন নেতা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে আলোচনা চলাকালে ভবনের নিচতলায় হঠাৎ একদল সংক্ষুব্ধ নেতাকর্মী বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় তারা মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ও কার্যালয়ের ভেতরে ঢুকে একাধিক আসবাবপত্র ভাঙচুর করে দ্রুত সটকে পড়ে। ঘটনার খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনায় সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া জানান, “আমরা কেন্দ্রীয় নেতার সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়ে শান্তিপূর্ণ কথা বলছিলাম। এরই মধ্যে বাইরে অসৎ উদ্দেশ্যে ককটেল ফুটিয়ে এবং সেক্রেটারির গাড়ি ভাঙচুর করে চলে যায়। এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত।”
এ বিষয়ে বক্তব্য জানতে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন জানান, ঘটনাটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা চলছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পদবী ও নির্বাচন সংক্রান্ত অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com