কুষ্টিয়া অফিস।।
কুষ্টিয়া সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য নয় এমন ফিজিশিয়ান স্যাম্পল (Physician Sample) মজুদ রাখার অপরাধে দুটি ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কুষ্টিয়া সদরে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে হাবীব ফার্মেসি ও রাবেয়া ফার্মেসিতে অনিয়মের সত্যতা পাওয়া গেলে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় দুটি পৃথক মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আকন্দ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসকদের জন্য বিনামূল্যে সরবরাহকৃত ফিজিশিয়ান স্যাম্পল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ না করা এবং প্রচলিত আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com