মেহেরপুর সংবাদাতা।।
মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তাসিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মঠমুড়া ইউনিয়নের আকুবপুর এলাকায় মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার হিদিরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন, আকাশ (২০), পিতা: রমজান আলী, হিদিরাম গ্রাম, মিরপুর। রাজা (২০), পিতা: মিজানুর রহমান, হিদিরাম গ্রাম, মিরপুর। জিসান (২২), পিতা: খোকন, মহিশকুন্ডি মিস্ত্রিপাড়া, দৌলতপুর। আরও এক অজ্ঞাতপরিচয় যুবক।
স্থানীয়রা জানান, আকাশ, রাজা ও তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন খলিষাকুন্ডি থেকে বামন্দী দিকে চারটি মোটরসাইকেল নিয়ে রেস করছিল। একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা জিসানের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তাসিম। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর অভিযোগ, মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে প্রায়ই মোটরসাইকেল রেসিং হয়, যা নিয়ন্ত্রণের অভাবে দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে দুর্ঘটনার হারও বাড়ছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com