
পরিবারের সঙ্গে ঈদ কাটাতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ফুলবাড়ি কাউন্টার কিংবা সদরঘাট দিয়ে যারা গ্রামের বাড়ি যাচ্ছেন তাদের অনেকেই গুলিস্তানের মার্কেট, ফুটপাত ও ভাসমান দোকান থেকে সেরে নিচ্ছেন টুকিটাকি কেনাকাটা। যাত্রার মাঝে এ এলাকা থেকে পরিবারের সদস্যদের জন্য জামা, জুতা, লুঙ্গি, পাঞ্জাবি থেকে শুরু করে টুপি, সুগন্ধি, আতর কিনে নিচ্ছেন তারা। আর এতে গত শুক্রবার থেকে এ এলাকার বেচাবিক্রি জমে উঠেছে। বিশেষ করে ফুটপাত ও ভাসমান দোকানগুলোতে বিক্রি কয়েক গুণ বেড়েছে।
গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে জিন্স প্যান্ট বিক্রেতা মো. আরিফ ও মো. রুবেল হোসেনসহ এখানকার ফুটপাত ব্যবসায়ীরা জানান, গত ১০-১২ দিন ব্যবসা মন্দা গেছে। কিন্তু বুধবার থেকে বিক্রি বাড়ছে। এখন সবাই বাড়ির পথ ধরেছে। বাড়ি ফেরার পথে গুলিস্তানে থেমে অনেকেই কেনাকাটা করছেন। গত শুক্রবার থেকে বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষেরা এখান থেকে কেনাকাটা করছেন। এখানে অনেক কম দামে ভালো মানের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তা ছাড়া গুলিস্তানজুড়ে সব ধরনের পণ্যই মেলে। তাই অল্প সময়ে কেনাকাটার জন্য গুলিস্তানকে বেছে নিচ্ছেন অনেকে।
প্যান্ট বিক্রেতা আরিফ বলেন, এখন অনেক ব্যস্ত সময় কাটছে। দিন-রাত ক্রেতাদের ভিড়। তাই বেশি রাত করে দোকানও খোলা রাখছি। তিনি বলেন, বড় বড় মার্কেটে যেখানে ১৫০০-১৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে আমার দোকানে ৪০০ থেকে ৭০০ টাকার মধ্যে জিন্স ও গ্যাবাডিন প্যান্ট পাওয়া যাচ্ছে। এবার জিন্স প্যান্টেরই বিক্রি বেশি। এর মধ্যে ওয়াশ ডিজাইনের চাহিদা বেশি।
গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে গুলিস্তান শপিং কমপ্লেক্স, ফুলবাড়িয়া, বঙ্গবাজার, গোলাপ শাহ্ মাজারসহ গোটা গুলিস্তান এলাকায় রয়েছে অসংখ্য পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান। এ ছাড়া গোটা এলাকার ফুটাপাতে রয়েছে অসংখ্য ভাসমান দোকান। এখানকার ফুটপাতগুলোতে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, জুতা, বেল্ট, শিশুদের পোশাক, লুঙ্গি, মেয়েদের পোশাক, ট্রাউজার, পায়জামা, টি-শার্ট, ঘড়ি, শাড়ি, মানিব্যাগ, চশমা সবই বিক্রি হচ্ছে। কম দামে কেনা যায়; তাই শেষ সময়ে এখানে ভিড় সবচেয়ে বেশি।
গোলাপ শাহ্ মাজার মোড়ের খুচরা বিক্রেতা মো. আশরাফ আলী বলেন, অনেকেই ফুলবাড়ি কাউন্টার দিয়ে বাড়ি ফেরার বাস ধরেন। এ সময় এখান দিয়ে বাড়ির মানুষের জন্য কম খরচে কেনাকাটা করেন। বিশেষ করে পাঞ্জাবি, বাচ্চাদের কাপড় কেনেন। এখানে মাত্র ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের ও কাপড়ের পাঞ্জাবি পাওয়া যায়।
গোলাপ শাহ্ মাজার মোড়ে ফুটপাত থেকে ছেলের জন্য জামার সেট দেখছিলেন কারখানা শ্রমিক মো. সামসুল ইসলাম। তিনি বলেন, ফুলবাড়ির মোড় থেকে বাসে উঠব। ঈদের কেনাকাটা এখনও বাকি। হাতে ঘণ্টাখানেক সময় আছে। তাই কেনাকাটা সেরে নিচ্ছি। বাস কাউন্টারের কাছেই দোকানপাট আছে। দামও কম। পছন্দ হলেই নিয়ে নেব।
গুলিস্তানে পীর ইয়েমেনি মার্কেটের সামনের রাস্তায় টুপি বেচাকেনাও জমে উঠেছে। সেখানে ব্যাগ কাঁধে নিজের ও ছেলের জন্য টুপি বাছাই করছিলেন পোশাক শ্রমিক মো. হানিফ মোল্লা। কথা হলে তিনি বলেন, সদরঘাট দিয়ে সন্ধ্যায় বাড়ির লঞ্চ ধরব। তাই বিকাল করে গুলিস্তান এসেছি। কিছু টুকিটাকি কেনাকাটা বাকি রয়েছে। সেগুলো কিনে সদরঘাট যাব।
এখানকার টুপি বিক্রেতা শরিফুল বলেন, আজ শনিবার বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। তাদের অনেকে একটু থেমে এখান থেকে টুপি কিনছেন। এ ছাড়া ঢাকার মানুষও এখান থেকে, পাশে বায়তুল মোকাররম থেকে টুপি আতর কিনছেন। বিক্রি অনেকখানি বেড়েছে।
এখানকার ব্যবসায়ীরা জানান, ১৫০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামে বিভিন্ন ডিজাইনের দেশি বিদেশি টুপি পাওয়া যাচ্ছে। এ ছাড়া মাত্র ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে জালি টুপিও পাওয়া যাচ্ছে।
গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ী মো. দুলাল হোসেন বলেন, এবার ছেলেদের পোশাকের মধ্যে গেঞ্জি, জিন্স ও পাঞ্জাবির বিক্রি সবচেয়ে বেশি। গত কয়েক বছরের তুলনায় ব্যবসা ভালো যাচ্ছে এবার। ব্যবসায়ীরা সন্তুষ্ট।
গুলিস্তানের পাঞ্জাবি বিক্রেতা মো. আশরাফুল বলেন, ঈদে পাঞ্জাবির চাহিদা থাকবেই। আর এবার গরম পরায় পাতলা সুতির পাঞ্জাবির চাহিদা বেশি। গুলিস্তানে একদম সস্তা থেকে দামি সব ধরনের ও ডিজাইনের পাওয়া যায় বলে এখানে পাঞ্জাবির ক্রেতাদের ভিড় থাকে। শেষ সময়ে বাড়ি ফেরার পথে সবাই কম দামের পাঞ্জাবিই বেশি খুঁজছেন। এগুলোর দাম পড়ছে ৫০০ টাকা মাত্র। মার্কেটে যেখানে ১৫০০ হাজার টাকার নিচে পাঞ্জাবি নেই।
বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে স্বাভাবিক সময়ে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারাদেশে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বাণিজ্য রয়েছে। এবার পোশাক ও জুতার বাণিজ্য ভালো যাচ্ছে। সেই সঙ্গে অন্যান্য পণ্যের বাণিজ্য আশানুরূপ না হলেও গত বছরের তুলনায় সন্তোষজনক, জানান সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক ভূঁইয়া।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com