অনলাইন ডেস্ক।।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল হলেও কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রোববার বিকেল ৪টায় গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে।
তিনি জানান, গোপালগঞ্জে পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও এপিবিএন পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় বিক্ষোভ মিছিল হলেও কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। জেলার জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপালগঞ্জ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
এ সময় জেলা প্রশাসক আরিফ উজ জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com