দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের ৯টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর শুক্রবার রাত পৌনে ১১টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার মাকেট বন্ধ ছিল। হতাহতের খুব বেশি সম্ভাবনা নেই। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। ক্ষতির পরিমাণও পরে জানা যাবে।
ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৯টি গাড়ি আগুন নিভানোর চেষ্টা চালায়। সরু গলি এবং ঘিঞ্জি পরিবেশ থাকায় গাড়ি ঢুকতেই অনেক ভোগান্তিতে পড়তে হয়। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে হকার্স মার্কেট ছাড়াও রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেনসহ আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে ওই মার্কেটের ‘হাসিনা মহিউদ্দিন ভবনে’ আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে।
জানতে চাইলে হকার্স মার্কেটের কর্মী আলাউদ্দিন সাংবাদিক দের কে বলেন, খবর পেয়ে আমি বাসা থেকে রওনা দিয়েছি। আল্লাহ জানে দোকানের কোনো কাপড় অবশিষ্ট আছে কিনা।
মাসুদ খান নামে এক ব্যবসায়ী বলেন, হকার্স মার্কেটে আমার কাপড়ের দোকান আছে। আমার দোকান থেকে আগুন লেগেছে ১০০ গজের মতো দূরে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
খবর শুনে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর জওহরলাল হাজারী। তিনি বলেন, ‘শুক্রবার হওয়ায় মার্কেট বন্ধ ছিল, হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হকার্স মার্কেটের গেট দিয়ে ঢুকে ছোট একটি মাঠ আছে, মাঠের পাশের দোকানে ধোঁয়া দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের দিকে এখন।’
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ৯ অক্টোবর জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে যায়।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com