
যশোর প্রতিনিধি:
পেটে তীব্র ক্ষুধা, অথচ খাবার কেনার মতো একটা টাকাও পকেটে নেই—এমন অসহায় মুহূর্তে একটি খাবারের প্যাকেট দেখে ভাতের প্যাকেট ভেবে সেটি ছিনিয়ে নিয়েছিলেন নুর মোহাম্মদ নামের এক যুবক। কিন্তু প্যাকেট খুলে ভাত নয়, বেরিয়ে আসে মিষ্টি। ক্ষুধার চোটে সেই মিষ্টিই গপগপ করে খেয়ে ফেলেন তিনি। এই সামান্য ভুলের মাশুল হিসেবে স্থানীয়দের মারধরের শিকার হয়ে তাকে শেষ পর্যন্ত পুলিশের হাতে বন্দি হতে হয়।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক ও অদ্ভুত এই ঘটনাটি ঘটে যশোর রেলওয়ে স্টেশনে। পরদিন বুধবার আদালতে হাজির করা হলে বিচারক মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাকে মাত্র ৫০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করার পরপরই তিনি মুক্তি লাভ করেন।
ভুক্তভোগী নুর মোহাম্মদ জানান, তার আসল বাড়ি নড়াইলে। বর্তমানে তিনি জীবিকার তাগিদে যশোরের ঝিকরগাছা উপজেলার একটি কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষ করে তিনি যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় তার প্রচণ্ড ক্ষুধা অনুভূত হলেও পকেটে এক কানাকড়িও ছিল না। ঠিক তখনই এক ব্যক্তিকে হাতে খাবারের প্যাকেট নিয়ে হেঁটে যেতে দেখে তিনি ভেবেছিলেন এটি হয়তো ভাতের প্যাকেট। ক্ষুধার তাড়নায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সেটি ছিনিয়ে নেন। কিন্তু প্যাকেট খোলার পর দেখতে পান ভেতরে মিষ্টি রয়েছে। ক্ষুধার জ্বালায় আর লোভ সামলাতে না পেরে তিনি সেখান থেকে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। দৃশ্যটি দেখে আশপাশের লোকজন তাকে চোর সন্দেহে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
পরদিন বুধবার পুলিশ তাকে যশোর আদালতে সোপর্দ করে। আদালতের জিআরও এসআই হেলালুজ্জামান গণমাধ্যমকে জানান, আদালতের এক সহানুভূতিশীল ব্যক্তি নুর মোহাম্মদের অসহায় ও করুণ অবস্থা দেখে তাকে স্বেচ্ছায় ১০০ টাকা প্রদান করেন। সেই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করে তিনি কারামুক্ত হন। এরপর বাকি ৫০ টাকা হাতে নিয়ে হাসিমুখে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন ওই যুবক।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com