দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গায় তিন কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৬ বিজিবির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ১.৮৫৭ কেজি হেরোইন ও ২৩৮.৭৯ কেজি গাঁজাসহ মোট তিন কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া মালিকবিহীন এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। 'জিরো টলারেন্স' নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সিভিল সার্জন হাদি জিয়া উদ্দীন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com