
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি শিক্ষা বোর্ডে মোট ৯ হাজার ৭২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৪৮ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭২ জন। পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করার ঘটনা ঘটেনি।
সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৭ হাজার ৩৯২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ২৮৯ জন, অনুপস্থিত ছিলেন ১০৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৩৬৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৪৬ জন, অনুপস্থিত ছিলেন ২০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ৯৬২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৯১৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৪৯ জন।
পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রের আশপাশের সকল কম্পিউটার ও ফটোকপির দোকান বন্ধ রাখা হয়। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের কেবল কলম, পেন্সিল ও প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশের অনুমতি ছিল। কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ক্লিপবোর্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে কিছু অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সাদা ক্লিপবোর্ডও অনুমোদন না দেওয়া যৌক্তিক নয়।
সকাল ৯টার আগেই শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে উপস্থিত হন। প্রথম দিন অভিভাবকদের মধ্যে স্বাভাবিক উদ্বেগ লক্ষ্য করা গেলেও পরীক্ষা শেষে বেশিরভাগ শিক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করে কেন্দ্র ত্যাগ করেন।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জেসমিন আরা জানান, প্রতিটি কেন্দ্রে নকলমুক্ত ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নজরদারি ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি নিশ্চিত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম তারিক উজ জামান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক লুৎফুন নাহারের নেতৃত্বে একাধিক পরিদর্শন দল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com