দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা মোটরসাইকেলে করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল।
আটককৃত পাচারকারীরা হলো দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুল মমিন (৪৯) এবং আবুল কালাম আজাদ (৪৭)। তাদের কাছ থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, চোরাকারবারীরা ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত পিলারের কাছে অবস্থান নেয়।
সকাল সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

আটকের পর আব্দুল মমিনের কোমর থেকে স্কচটেপে মোড়ানো আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে স্বর্ণ পাচারের কথা স্বীকার করেছে। এই ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com