চুরি ও ছিনতাই বৃদ্ধি, ভাঙা হয়েছে মসজিদের দানবাক্সও
: পুলিশ পরিচয়ে ডাকাতিতে শঙ্কা, পরিস্থিতি উত্তরণ দাবি!
যশোরে সাম্প্রতিক চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে মানুষের মধ্যে। ভুক্তভোগী ও সাধারণ মানুষ দ্রুত পরিস্থিতি উত্তরণের জোর দাবি জানিয়েছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি। এছাড়া পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় শঙ্কিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আর যশোরের শহরতলী বিরামপুরে এক রাতে দুটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরিসহ অব্যাহত নানা অঘটন ঘটছে।
এলাকায় অপরিচিত ও বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
যদিও পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার ঘটনায় যশোর ডিবি পুলিশ ওই চক্রের তিন সদস্যকে আটক করেছে। তাদের কাছ থেকে পুলিশ রিফলেকটিং ভেস্ট, চাকু এবং ছিনতাই করা ৩ টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
তথ্য মিলেছে, গত ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে যশোরের বাঘারপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে কয়েকটি পরিবারের কয়েক বাড়িতে ডাকাতি হয়। এছাড়া গত ২২ ডিসেম্বর যশোর নড়াইল সড়কের বাঘারপাড়া ছাতিয়ানতলা সড়কে পুলিশ পরিচয়ে মইনুদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এ সময় অপরাধী দল মোটরসাইকেল ও পুলিশের ওয়ারলেস ও পোশাক ব্যবহার করে। একই মাসে বাঘারপাড়ার এক প্রবাসীর বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করে অপরাধীরা।
এদিকে এসব ঘটনার ব্যাপারে যশোরের বাঘারপাড়া থানা পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করলেও কার্যত তদন্ত ও আটক কার্যক্রমে শিথিলতা প্রদর্শন করে। গত ৯ জানুয়ারি চৌগাছা উপজেলার সলুয়া বাজারে ফিল্মি স্টাইলে হালিমা খাতুন নামে এক নারীর আড়াই লাখ টাকা ছিনতাই করে প্রাইভেটকারে আসা তিন ছিনতাইকারী। সলুয়া বাজারের সোনালী ব্যাংক শাখা থেকে ওই টাকা উত্তলন করে ব্যাগে নিয়ে সড়কে পা রাখতেই দ্রুতগতির ওই প্রাইভেটকার তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই নারীর ব্যাগ কেড়ে নেয় প্রাইভেটকারে থাকা ৩ যুবক। তবে পালানোর সময় স্থানীয় জনতার ধাওয়ায় আটক হয় তারা। ওই ৩ ছিনতাইকারীকে ধরে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করা হয়। প্রকাশ্য দিবালোকে এ ধরণের চাঞ্চল্যকর ঘটনায় আইনশৃংখলা অবনতির প্রমাণ দেয়।
এদিকে দু’মাসে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ও শংকরপুর এলাকায় অনেকগুলো চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশের কোনো প্রকার কার্যক্রম না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে এসব এলাকার মানুষ চোর ও ছিনতাইকারী আতঙ্কে রাত কাটাচ্ছেন।
ভুক্তভোগীরা বলছেন, সংঘটিত অপরাধের মূলকারণ দ্রব্য মূল্য বৃদ্ধি ও মাদক। অভাব অনটন ও মাদকের টাকা জোগাড় করতে মাদকাসক্তরা এসব অপরাধে জড়িয়ে পড়ছে।
গত ১৩ জানুয়ারি রাতে বিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও পশ্চিমপাড়া জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি হয়েছে। আর ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ১৪ জানুয়ারি একই গ্রামের কালীতলা এলাকার হাসেম আলীর বাড়ি থেকে তালা ভেঙে একটি ইজিবাইক চুরি হয়েছে। একই দিনে জোহরের নামাজ চলাকালে মসজিদের সামনে থেকে তালা ভেঙে একটি সাইকেল চুরি হয়েছে। এখানেই শেষ নয়, গতরাতে বিরামপুরের ভাটাপাড়া এলাকা থেকে তালা ভেঙে একটি মোটরচালিত রিকশা চুরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এ এলাকায় অপরিচিত বহিরাগতদের আনাগোনা বেড়েছে। এদের মধ্যে অনেকেই মাদক সেবনের সাথে জড়িত। এলাকাবাসীর ধারণা, এই মাদকসেবীদের দিয়েই এসব চুরি সংঘটিত করছে।
বিরামপুরের ওই দুটি মসজিদ সংশ্লিষ্টরা ও ভুক্তভোগীরা জানিয়েছেন, এলাকায় মাদকের অবাধ প্রাপ্যতা এবং এর ব্যবহার আগের চেয়ে অনেক বেড়েছে। এর ফলে চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এলাকার মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে মসজিদ ও ঘরের তালা ভেঙে চুরির ঘটনা সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
বিরামপুরবাসীর দাবি, এলাকায় পুলিশি টহল বাড়াতে হবে। এছাড়া মাদক কারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেননা এসব ঘটনায় এলাকায় মারামারি সংঘাত বাড়ছে। বহিরাগতদের পরিচয় যাচাই করার জন্য নিয়মিত অভিযান চালানোরও দাবি তাদের।
সূত্র জানিয়েছে, গত মাসে চাঁচড়া রায়পাড়া কবরস্থানের পাশের বাসিন্দা দিন মজুর সালাউদ্দিন ওরফে দর্পনের বাড়ি থেকে পরিবারের সদস্যদের কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়। রায়পাড়া ভোলা কলোনীর প্রাইভেটকার চালক গাজীর বাড়িতে হানা দিয়ে রাতের বেলা তাদের শীতবস্ত্র চুরি করে নিয়ে গেছে চোর চক্র। একইভাবে রায়পাড়া জামতলা এলাকার জসিমের বাড়ি থেকে নিয়ে যায় একটি দামি মোবাইল সেট। অপরদিকে গত ২১ নভেম্বর সকাল সাড়ে নয় টার দিকে ছিনতাইকারীরা শহরের শংকরপুর মুরগীরফার্ম গেটের সামনে থেকে মায়া বেগম নামে এক গৃহবধূর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ওই ভুক্তভোগীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের টাকায় বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে বহাল তবিয়তে জীবনযাপন করছেন। অথচ মানুষের জানমাল রক্ষায় পুলিশের প্রয়োজনীয় কোনো তৎপরতা চোখে পড়ছে না। এই পরিস্থিতি উত্তরণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
এসব ঘটনার ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার সূত্র জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ডাকাতি ছিনতাই চুরি রোধে কাজ চলছে। ইতিমধ্যে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত এমন কয়েকজনকে আটকও করা হয়েছে। গত ৫ জানুয়ারি ডিবির একটি টিম খুলনা ও যশোর থেকে তাদের আটক করে। তারা গত ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে বাঘারপাড়ার কয়েকটি স্থানে পুলিশ পরিচয়ে ও ডাকাতির ঘটনা ঘটে। আটককৃতরা এসব অপরাধ সংঘটিত করেছে বলেও দাবি গোয়েন্দা শাখার অভিযানিক অফিসারদের।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানিয়েছেন, চুরি ছিনতাই ঘটনার ব্যাপারে পুলিশ এখন তৎপর রয়েছে। কয়েকটি ঘটনায় থানায় অভিযোগও হয়েছে। বিভিন্ন সময়ের অভিযানে আটক উদ্ধার কর্মকান্ড হয়েছে। পুলিশ আরো দায়িত্বশীলভাবে কাজ করবে বলেও জানান তিনি। সম্প্রতি আইনপ্রয়োগকারী সংস্থার হাতে চুরি ছিনতাই ডাকাতি কার্যক্রমে জড়িতদের অনেকে আটকও হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com