
চুয়াডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত দুটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
প্রথম মামলার ঘটনা ঘটে ২০২২ সালের ৯ মে। আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ক্লিনিকপাড়ায় শ্বশুরবাড়ি থাকা স্বাধীন আলী (৩৭) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা আশিকুর রহমান আশিক ওরফে বাদশা (২৭) জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে কামালের স্ত্রী তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দু’দিন পর, ১১ মে নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার পরিদর্শক ইকরামুল হোসাইন একই বছরের ৩১ জুলাই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার প্রধান আসামি স্বাধীন আলী ও ছয় নম্বর আসামি আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তাদের দু’জনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন। অপর তিন আসামিকে আদালত খালাস প্রদান করেন।
দ্বিতীয় মামলাটি ঘটে ২০২২ সালের ১৬ জুন জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামে। পূর্ব শত্রুতার জেরে একমাত্র অভিযুক্ত জমির উদ্দিন (৪৮) কোদাল দিয়ে বাবলু রহমানের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। ওইদিনই নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক সৈকত পাড়ে একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক সন্দেহাতীতভাবে অভিযুক্ত জমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং একইসাথে অর্থদণ্ডও আরোপ করেন।
চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সারোয়ার বাবু জানিয়েছেন, "দুইটি পৃথক মামলায় তিন জনের ফাঁসির আদেশে আমরা সন্তুষ্ট। এই রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত।"
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com