নিজস্ব প্রতিবেদক,দৈনিক পদ্মা সংবাদ।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত ভিডিপি (পুরুষ) অ্যাডভান্সড প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পাঠদান করেছেন চুয়াডাঙ্গার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অনুষ্ঠিত এই সেশনে পুলিশ সুপার মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষায় ভিডিপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সমাজভিত্তিক অপরাধের প্রকৃতি, কমিউনিটি নিরাপত্তা, যৌন হয়রানি প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপির অংশগ্রহণ অপরিহার্য। আপনারা প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করছেন, তা ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।

আয়োজক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজ থেকে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com