
চুয়াডাঙ্গা বিজিবি ৬ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২০ ভরি ওজনের দুটি সোনার বারসহ পাচারকারী অটো চালক কাওসার আলীকে (৪০) অটোসহ আটক করতে সক্ষম হয়ছে।
বুধবার (৫ জুন) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর পাঁকা রাস্তায় চোরাচালান বিরোধী এ অভিযান চালায় ৬ বিজিবির মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের মধ্যে থেকে স্বর্ণ চোরাচালান হবে- এমন এক গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩- আর হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর গ্রামে ওঁৎ পেতে থাকেন। এসময় একটি ইজিবাইক সীমান্তের দিকে আসলে বিজিবি সদস্যরা চালককে চ্যালেঞ্জ করেন। পরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তার শরীর তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুটি স্বর্ণের বার (১৯.৮৯ ভরি) উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত স্বর্ণের বার দুটির আনুমানিক বাজারমূল্য ২৬/২৭ লাখ টাকা। চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় আটক ইজিবাইক চালককে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তরসহ হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com