
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার জীবননগর এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে একজন চোরাকারবারিকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়েছে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গত দুই দিনে সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।
রবিবার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৫৮/১-এস এর নিকট চারাতলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সামন্তা বিওপির একটি দল। নায়েব সুবেদার মো. আব্দুস ছালামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আব্দুল আজিজ (৪২) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক আজিজ মহেশপুর উপজেলার সামন্তা চারাতলা গ্রামের আলি কদরের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল বা প্রোহিবিট জাতীয় সিরাপ, ১৮৯ বোতল ভারতীয় ফেয়ারকফ কাফ সিরাপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, গত শনিবার বেলা ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৭/১-এস এর নিকট গয়েশপুর গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক উদ্ধার করা হয়।
এছাড়া গত শনিবার বেলা ২টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৭-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি পুরুষ নাগরিককে হাতেনাতে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃত নাগরিককে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com