মোঃ আব্দুর রহমান অনিক।। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দামুড়হুদা উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তার এই কর্মপরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল উপজেলার প্রশাসনিক কার্যক্রম, ভূমি সেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও তদারকি করা। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমে দর্শনা থানা ও দর্শনা পৌরসভা পরিদর্শন করেন। তিনি সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবা প্রদানের গতি ও মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি ভূমি সংক্রান্ত সেবার প্রক্রিয়া সরেজমিনে পর্যালোচনা করেন এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান এবং সহকারী কমিশনার মো. ফাহাদ চৌধুরী। পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক ব্র্যাক এনজিও পরিচালিত ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা পরিদর্শন করেন। সেখানে তিনি শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের পড়ালেখা ও সহশিক্ষা কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে তারা আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।"
জেলা প্রশাসকের এই পরিদর্শন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তার এই উদ্যোগ স্থানীয় প্রশাসন ও সেবা প্রদানের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন,"সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবা প্রদানের মানোন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আজকের এই পরিদর্শন আমার জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমি আশা করি, দামুড়হুদা উপজেলার সকল প্রতিষ্ঠান তাদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং জনগণের সেবায় আরও বেশি তৎপর হবে।" জেলা প্রশাসকের এই কর্মপরিদর্শন স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তার এই উদ্যোগ চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ও সেবার মানোন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সকলে মনে করেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com