
মিরাজুল কবীর টিটো : যশোর শহরের চাঁচড়া রাজবাড়ী মডেল টাউন এলাকায় ঝুলে পড়া বৈদ্যুতিক তার স্থানীয় বাসিন্দাদের জন্য এক মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে। রাস্তার ওপর ঝুলে থাকা এসব তারের কারণে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছেন সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা বারবার বিষয়টি ওজোপাডিকো বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জানা গেছে, চাঁচড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ অফিসের ঠিক পশ্চিম পাশেই রাজবাড়ী মডেল টাউন আবাসিক এলাকাটি অবস্থিত। এই এলাকার সুবিধার্থে প্রায় ১০ থেকে ১২টি বৈদ্যুতিক পিলার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। তবে দেখা গেছে, বেশ কয়েকটি পিলার সামনের দিকে হেলে পড়েছে। এর ফলে পিলারের সঙ্গে থাকা বিদ্যুতের তারগুলো রাস্তার বিপজ্জনকভাবে নেমে এসেছে। বর্তমানে তারগুলো এতটাই নিচে ঝুলে রয়েছে যে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচারী ও বাসিন্দাদের শরীরে ও মাথায় তা স্পর্শ করছে। বাধ্য হয়ে কোনো ব্যবস্থা না পেয়ে এলাকাবাসী দুর্ঘটনাকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তার দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভবনের সামনের রাস্তার ওপরই মারাত্মকভাবে বৈদ্যুতিক তার ঝুলে রয়েছে। স্বাভাবিক চলাচলের সময় গায়ে স্পর্শ লাগে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা সাময়িকভাবে ঝুলে পড়া তার দড়ি দিয়ে বেঁধে রেখেছি। বিদ্যুৎ বিভাগে একাধিকবার ফোন করেও কোনো লাভ হয়নি। তারা যদি দ্রুত সমাধান না করে, তবে যেকোনো সময় এখানে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।” একই ধরনের ঝুঁকির কথা জানান এলাকার অন্য দুই বাসিন্দা আব্দুর রহমান ও সাদিয়া পারভীন। তারা বলেন, বিদ্যুৎ অফিসের ঠিক পাশেই এই এলাকা হওয়ার পরও কর্তৃপক্ষের এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ী মডেল টাউন এলাকার ভেতরের রাস্তাগুলোতে বৈদ্যুতিক পিলার হেলে পড়ার কারণে তারের সংযোগ ঢিলে হয়ে এসে প্রায় মানুষের মাথার ওপর ছুঁইছুঁই অবস্থায় ঝুলছে। অবিলম্বে হেলে পড়া পিলারগুলো সোজা করে ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ তারগুলো দ্রুত সংস্কারের জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন রাজবাড়ী মডেল টাউনের সর্বস্তরের বাসিন্দারা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com