আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর খবর পাওয়া গেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে।
আজ রবিবার (২০ এপ্রিল) সকালে গণহত্যার মামলায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদেরকে প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর।’
এ সময় শাহজাহান খানের আইনজীবী বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। পরে ট্রাইব্যুনালে বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান।
ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন্নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়।
অপর পুলিশ সদস্য শহীদুল জানান, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমাদের রাজাকারের বাচ্চা বলা হয়। বলা হয়- তোদের দেখে নেবো। এ সময় হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, ‘তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব।’ হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেন।
তবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, তারা এসব বলেননি। সব মিথ্যা।
এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘কোনো আসামি যদি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এবং পুলিশ সদস্যরাও যেন বাড়াবাড়ি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com