চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট এলাকায় এক মর্মান্তিক ঘটনায় ইমিগ্রেশন পুলিশ সদস্য মো. শামীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শামীম রেজা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। মাত্র ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন পুলিশে কনস্টেবল পদে যোগদান করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। বৃহস্পতিবার রাতে নিয়মিত ডিউটি শেষে খাওয়া-দাওয়া করে নিজের কক্ষে ঘুমাতে যান শামীম। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন সহকর্মীরা। তখনই দেখতে পান, শামীম রেজা গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
নিহত শামীম একজন দায়িত্বশীল, বিনয়ী ও সদাচারী পুলিশ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, পরিবার এবং স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
দর্শনা জয়নগরের স্থানীয় বাসিন্দা আহসানুল বলেন, “শামীম ভাই সবসময় হাসিখুশি থাকতেন। কখনো ভাবিনি তিনি ভেতরে এমন যন্ত্রণা নিয়ে চলছিলেন।”
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ তদন্তের পরই বলা যাবে।”
খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস,সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা জেলা ডিবি ও ডিএসবি পুলিশের কর্মকর্তারা।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও সংবেদনশীল। প্রকৃত কারণ উদঘাটনে সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতা নিয়ে তদন্ত করা হচ্ছে।”
পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও তদন্তে অংশ নিয়েছেন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সব দিক থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে মৃত্যুর পেছনে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
শামীম রেজার মৃত্যুসংবাদ পৌঁছানোর পর তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঝুটিয়াডাঙ্গায় নেমে আসে শোকের মাতম। পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙে পড়েছেন শামীমের পরিবারের স্বজনরা ।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com