
চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভূয়া ‘জন্ডিস ডাক্তার’ শহিদুল ইসলাম মিন্টুকে ৩০ হাজার টাকা জরিমানা এবং তার প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়েছে। পিতার পরিচয় ব্যবহার করে চিকিৎসা ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে প্রতারণামূলকভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুন উল হাসানের নেতৃত্বে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়।
এদিকে মৃত মান্দার মন্ডল দর্শনা এলাকায় ‘জন্ডিস চিকিৎসক’ হিসেবে পরিচিত ছিলেন। তার ছেলে শহিদুল ইসলাম মিন্টু কোনো চিকিৎসাগত যোগ্যতা ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ‘সন অব মান্দার’, ‘রাবেয়া ফার্মেসি’ ও ‘জন্ডিস চিকিৎসালয়’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। প্রেসক্রিপশন লেখা, সিল ব্যবহার, এমনকি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর মতো কাজও করতেন তিনি।
অভিযানে প্রতিষ্ঠানগুলোর ড্রাগ লাইসেন্স জব্দ করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় যথাযথ সনদপত্র ব্যতিত ডাক্তার পদবি ব্যবহার ও প্রচার করায় শহিদুল ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত অন্যান্য ফার্মেসিগুলোকেও তদারকি করা হয়। তদারকিকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকাবিহীন ওষুধ, এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সংরক্ষণের ত্রুটি পাওয়া যায়। এসব বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যা সমাধান করে নিয়মিতভাবে ফার্মেসি পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুন উল হাসান। সহযোগিতায় ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. অহমিদ জামিল এবং ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল অংশ নেন।
সহকারী পরিচালক মো. মামুন উল হাসান বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। ভেজাল ওষুধ এবং অপেশাদার চিকিৎসা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রতারণামূলক চিকিৎসা সেবার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। তারা প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতারক চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com