
সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৮ ও ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে (২৭ মার্চ) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বরাবর প্রস্তাবটি লিখিতভাবে জানায় সংগঠনটি।
রোববার (৩১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে এ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার আবারও মিল মালিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) দপ্তরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন প্রতিনিধি।
আইআইটি দপ্তরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক বলেন, “আজকের বৈঠকে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তবে দুই এক দিনের মধ্যে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।”
সূত্র জানায়, এক লাফে লিটারপ্রতি ১৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাবের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে—আমদানি পর্যায়ে ভোজ্যতেলের ওপর শুল্ক ও কর অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যাওয়া।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ইতিমধ্যে ৩০ জুন পর্যন্ত শুল্ক-কর রেয়াত বাড়ানোর সুপারিশ করেছে এবং এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠিও দিয়েছে। তবে এনবিআর এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
মিল মালিকদের দাবি, সরকার যদি শুল্ক-কর রেয়াত সুবিধা বহাল রাখে, তাহলে দাম বাড়ানোর প্রস্তাব থেকে সরে আসবেন তারা।
সংগঠনটি জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের নতুন প্রস্তাবিত দাম ৯৩৫ টাকা।
এ ছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম যথাক্রমে ১৭০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে বর্তমান সরকার নির্ধারিত দাম ১৫৭ টাকা। অর্থাৎ, এই দুই ধরনের তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে কোম্পানিগুলো।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com