পবিত্র রমজান মাসের প্রথম দিনেই চাঞ্চল্যকর এক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দর্শনা রেল বাজার এলাকা। স্থানীয় কসাইদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা বাছুরসহ গাভীন (গর্ভবতী) গরু জবাই করে মাংস বিক্রি করেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
গত রোববার (২ মার্চ) ভোররাতে দর্শনা পিলখানায় কসাই শামীম, কালু, মামুন, রফিক ও সাজু বাছুরসহ গরু জবাই করেন। জবাইকৃত গরুর পেট থেকে বাছুর বের হলে তারা বাছুরটি পরিত্যক্ত স্থানে ফেলে রেখে গরুর মাংস বিক্রি শুরু করে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাছুরটি উদ্ধার করেন। সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে কসাইরা মাংস নিয়ে পালিয়ে যায়। এ সময় দর্শনা রেল বাজারের লোকজন কসাইদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের কঠোর শাস্তির দাবি জানান। পরে দর্শনা থানা পুলিশ জবাইকৃত গরুর পেট থেকে উদ্ধারকৃত বাছুরটি জব্দ করে।
এলাকাবাসীর অভিযোগ, দর্শনা পৌর এলাকায় কসাইদের অসাধু কার্যকলাপে সাধারণ ভোক্তারা জিম্মি হয়ে পড়েছেন। কসাইরা নিয়মিতভাবে অসুস্থ গরু, ছাগল, ভেড়া ও মহিষ জবাই করে মাংস বিক্রি করছে। এ ছাড়াও তারা গরুর মাংসের সাথে মহিষের মাংস মিশ্রিত করে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, কসাইরা মাংস বিক্রি করতে না পারলে তা ফ্রিজে রেখে পরের দিন বা কয়েক দিন পরেও সেই মাংস বিক্রি করছে। এমনকি পুরনো মাংসের সাথে নতুন মাংস মিশিয়েও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বাজারগুলোতে তদারকি বাড়ানো এবং অসাধু কসাই ও মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। এলাকাবাসীরা বলছেন, নিয়মিত তদারকি না থাকায় কসাইরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা চান, ভোক্তা অধিকার আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এ ঘটনায় দর্শনা প্রাণী সম্পদ বিভাগের তৎপরতা এখনও তেমন দেখা না যাওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। দর্শনা প্রাণী সম্পদ বিভাগের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন কর্মকাণ্ড দর্শনা পৌর কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গেল। দর্শনা পৌরসভার কর্তৃপক্ষের নজরদারির অভাবের কারণেই এমন ঘটনা ঘটেছে। যদি যথাযথ তদারকি থাকত, তবে এমন ঘটনা ঘটার সাহস তারা পেত না।

এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনরা এ ঘটনার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আশা করছেন, দ্রুতই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং অসাধু কসাইদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। পবিত্র রমজান মাসে এমন ঘটনা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com