দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দর্শনা রেলবাজারে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল। অঙ্কুর আদর্শ বিদ্যালয়, কেরু বাজার মাঠের পাশের খোলা ড্রেন, আবাসিক এলাকা, আজমপুর, রেলবাজার ডিএস মাদ্রাসা, ফুলতলা, মাছ বাজার ও কাঁচা বাজারে এই অভিযান পরিচালিত হয়।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল বলেন, দর্শনা পৌরসভাসহ সারা বাংলাদেশে একযোগে এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশ অনুযায়ী নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি প্রতি শনিবার ড্রেন, খেলার মাঠ, স্কুল-কলেজ-মাদ্রাসা, বাজার ও জলাশয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান, পৌরসভার পাশাপাশি উপজেলা পরিষদ, ইউনিয়ন ও হাসপাতালগুলোতেও একইভাবে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার প্রধান সহকারী শাহ আলম, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাব রক্ষক আরিফিন হোসেন, কার্য সহকারী হারুন অর রশিদ এবং লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com