দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার দর্শনা বাড়াদী বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে অভিযান চালানো হয়। সীমান্তের মেইন পিলার-৮১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ওই আমবাগানের মাটির নিচে লাল প্যাকেটে মোড়ানো একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়।
পরে ব্যাগটি তল্লাশি করে আসামিবিহীন অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশি পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ।
এ বিষয়ে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com