চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
আটককৃত ব্যক্তি নওশাদ আলি (৫০) স্থানীয় কুঁনিয়াচাঁদপুর গ্রামের বাসিন্দা। তাকে ৯টি ট্র্যাক্টর ও ১টি ভেকু মেশিনসহ আটক করা হয়। নওশাদ আলি গ্রামের হোসেন আলির ছেলে বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কুনিয়াচাঁদপুর গ্রামের মাঠে ট্র্যাক্টর ও ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির মাটি কাটার সময় স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে। তারা ওই যানবাহন আটক করে পুলিশকে জানায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত ২০১০ সালের ভূমি ব্যবস্থাপনা আইন ও ২০২৩ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৭(ক) ধারা অনুযায়ী নওশাদ আলিকে দোষী সাব্যস্ত করে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।
ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমান বলেন, "ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অনুযায়ী দোষী ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।"
তিনি আরও বলেন, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং ফসলি জমি রক্ষায় আরও সচেতনতা ও নজরদারির আহ্বান জানিয়েছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com