চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামে রাতের আঁধারে মনিরুল ইসলাম নামের এক প্রতিবন্ধী কৃষকের আনারকলি জাতের পেয়ারা বাগান কেটে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে মাঠে গিয়ে মনিরুল দেখতে পান, তাঁর ১০ কাঠা জমির রোপণকৃত সবকটি পেয়ারা গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়ে চরম দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারও কাছে হাত না পেতে এনজিও থেকে ঋণ ও ধারের টাকায় সুবুলপুর মাঠে জমি লিজ নিয়ে পেয়ারা বাগান গড়ে তোলেন মনিরুল। গাছে প্রচুর ফলন আসায় চলতি মৌসুমে ফল বিক্রি করে ঋণ পরিশোধ ও সংসার চালানোর স্বপ্ন দেখছিলেন তিনি। তবে পূর্বশত্রুতার জেরে কোনো চক্র রাতের আঁধারে পুরো বাগানের গাছ কেটে ফেলে রেখে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মনিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, "ধারদেনা করে ১ লাখ ২০ হাজার টাকা খরচে বাগানটি বানিয়েছিলাম। ফলও ভালো এসেছিল। দেনা শুধে পরিবারের মুখে হাসি ফোটানোর ইচ্ছে ছিল, কিন্তু সব শেষ হয়ে গেল। এখন ঋণের বোঝা কীভাবে মিটাব বুঝতে পারছি না।"
এ নির্মম ঘটনায় সুবুলপুর গ্রাম জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কঠোর পরিশ্রম ও অর্থ ব্যয়ে গড়ে তোলা ফসল কেটে ধ্বংস করার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে অসহায় ও ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী কৃষক মনিরুল ইসলামের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সুধীজন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com