
অনলাইন ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আজ বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতে তিনটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম জানান, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির উচ্ছেদ করা হয়েছিল। বিষয়টি যথাযথ মর্যাদা পায়নি। এ কারণে রেলপথ মন্ত্রণালয় নতুন উপাসনালয় নির্মাণের জন্য জমি বরাদ্দ দিয়েছে। নির্ধারিত মূল্যে রেলওয়ের জমি হস্তান্তর করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, চন্দ্রনাথ আমাদের বাংলাদেশি হিন্দু ধর্মীয় ভাই-বোনদের অন্যতম পবিত্র স্থান। হাজার হাজার বছর ধরে এই মন্দিরটি বিদ্যমান। প্রায় ৪০০ মন্দির এখানে অবস্থিত। তাই কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, এক হাজার ২০০ ফুট উঁচু পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ি রয়েছে। বর্তমানে সেগুলো সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই তাৎক্ষণিকভাবে তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যাতে সংস্কারকাজ দ্রুত শুরু করা যায়। এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও সীতাকুণ্ডের ইউএনও-র সঙ্গে সমন্বয় করা হয়েছে। অন্য কোনো সমস্যা থাকলেও দ্রুত সমাধান করা হবে।
অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরের জন্য জমি প্রদান করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com