দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দর্শনা শহরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ তোলার পর ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি নিতে যাওয়া এক তরুণী কণ্ঠশিল্পী এখন রয়েছেন জেলহাজতে, স্বর্ণ চোরাচালান মামলার আসামি হিসেবে!
স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা শহরের ওই তরুণী দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। পরিবারসহ বিয়ের দাবি তুললে শরীফুজ্জামান তা অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী ধর্ষণের অভিযোগ আনতে আদালতে যাচ্ছিলেন।
কিন্তু আদালতে যাওয়ার পথেই শুরু হয় নতুন নাটক অভিযোগকারীর পরিবারের দাবি, শরীফুজ্জামানের অনুসারীরা তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। আতঙ্কে তারা পথ থেকে ফিরে আসেন।
ঘটনার পর ওই তরুণী প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি শরীফুজ্জামানের বিরুদ্ধে সম্পর্ক ও প্রতারণার বিস্তারিত বর্ণনা দেন।
কিন্তু সেই সাক্ষাৎকার প্রকাশের পরদিন সকালেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, পুলিশ শুধু গ্রেপ্তারই করেনি, তাদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে এবং খাবারদাবার নষ্ট করেছে। পরিবারটির অভিযোগ, এটি ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব দেখানোর ঘটনা।
তবে দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমীর বলেন,গ্রেপ্তারে আমি নেতৃত্ব দিয়েছি, কিন্তু কোনো ভাঙচুর হয়নি। মামলার সঙ্গে ধর্ষণ অভিযোগের কোনো সম্পর্ক নেই।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর ভারত সীমান্ত থেকে ৩৫০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। ঘটনায় আটক নারী আসমা আদালতে দেওয়া জবানবন্দিতে ভুক্তভোগী কণ্ঠশিল্পীর নাম উল্লেখ করেন। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
তবে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান,
বিজিবির জিজ্ঞাসাবাদে আসমা কারও নাম উল্লেখ করেনি। ঘটনার পর আমরা যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম, তাতেও এমন কিছু ছিল না।
শরীফুজ্জামান আমার মেয়েকে বিয়ের প্রলোভনে ফাঁসিয়েছে। এখন সে মুখ খুলতেই মিথ্যা মামলায় জড়ানো হলো, বলেন ভুক্তভোগীর মা।
ভুক্তভোগীর বড় ভাই যোগ করেন,
আমার বোন সত্য বলার সাহস দেখিয়েছে। সেই সাহসের শাস্তি হিসেবে এখন সে কারাগারে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন,
আমি সারাদিন মহিলা দলের প্রোগ্রাম ও জনসংযোগে ব্যস্ত ছিলাম। মেয়েটির গ্রেপ্তার বিষয়টি সম্পূর্ণ পুলিশের।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু বলেন,আইন সবার জন্য সমান। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, তার দায়ভার তাকেই নিতে হবে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন,ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সঠিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ষণের অভিযোগ করতে গিয়ে স্বর্ণ চোরাচালান মামলায় কারাগারে যাওয়া কণ্ঠশিল্পীর ঘটনাটি এখন চুয়াডাঙ্গা জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠেছে,এটি কি ন্যায়বিচারের প্রয়াস, নাকি ক্ষমতার প্রভাবের নিষ্ঠুর ফল?।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com