কেরু চিনিকল নির্বাচন: আওয়ামী লীগের স্বজনদের নতুন ষড়যন্ত্র!
মোঃ শিশির মাহমুদ ।।
চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের স্বজনরা নির্বাচন ইস্যুকে পুনরায় ব্যবহার করে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে চাইছে। শ্রমিকদের স্বার্থের দোহাই দিয়ে সুবিধাভোগী গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে, যা শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং চিনিকলের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের পথ প্রশস্ত করতে পারে।
শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠলেও থামছে না বিতর্ক।
শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ার পর থেকেই শ্রমিকদের একাংশ দাবি করে আসছে যে, ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট কিছু মহল নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে বাস্তবে এটি শ্রমিকদের অধিকার রক্ষার নামে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। স্থানীয়দের মতে, শ্রমিকদের পেছনে রেখে সুবিধাভোগী একটি গোষ্ঠী তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নতুন করে চাল চালছে।
শ্রমিক নেতাদের মাধ্যমে দর্শনায় আওয়ামী লীগের পুনর্বাসনের গোপন চক্রান্ত?
কেরুর শ্রমিক নেতাদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে শ্রমিক নেতাদের মাধ্যমে আওয়ামী লীগে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে। বিশ্বস্ত সূত্রের দাবি, কেরুর শ্রমিক নেতারা বিগত জাতীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি হাজী আলী আজগর টগরের জন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ ও বিতরণে সরাসরি ভূমিকা রেখেছেন। এই অর্থায়নের বিনিময়ে দলীয় প্রভাবশালী মহল তাদেরকে পুরস্কৃত করছে, যা রাজনীতিতে নেপথ্য লেনদেনের নতুন উদাহরণ হিসেবে দেখা দিয়েছে।
শ্রমিক নেতাদের অস্বাভাবিক উত্থান:
গত কয়েক বছরে কেরুর শ্রমিক নেতাদের প্রভাব ব্যাপকভাবে বেড়েছে। বিশেষত, সরকারি দলের আশীর্বাদপুষ্ট কিছু নেতা কেরুর মতো প্রতিষ্ঠানের অভ্যন্তরে আধিপত্য বিস্তার করেছেন। তাদের একাংশ ব্যবসা-বাণিজ্যে প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই প্রভাবকে কাজে লাগিয়ে এখন তারা বিতর্কিত ব্যক্তিদের দলে পুনর্বাসনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থনীতির বিভিন্ন স্তরে আধিপত্য বিস্তারকারী শ্রমিক নেতারা শুধু শ্রমিকদের প্রতিনিধি নন, বরং ক্ষমতাসীন দলের সঙ্গে তাদের সরাসরি অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ জড়িত। নির্বাচনী অর্থায়নের ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এখন এই শক্তিকে কাজে লাগিয়ে দলে বিতর্কিত ব্যক্তিদের জায়গা করে দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে।
জনমনে উদ্বেগ ও প্রশ্ন :
ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু মহল নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে বলে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।কেরুর প্রশাসনের নিরব ভূমিকা, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং ক্ষমতাসীন দলের সংশ্লিষ্টতা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, নাকি রাজনৈতিক স্বার্থই জয়ী হবে? কেরুর প্রশাসন কি নিরপেক্ষ ভূমিকা রাখবে, নাকি নীরব দর্শকের ভূমিকায় থাকবে?
এই পরিস্থিতিতে কেরু চিনিকলের ভবিষ্যৎ এবং শ্রমিকদের অধিকার রক্ষা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও আশঙ্কা দেখা দিয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com