
চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক পাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দহুদা গ্রামের আইড়মারি বিল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোবিন্দহুদা গ্রামের মাসুম বিল্লাহ ওরফে মন্টু ও একই গ্রামের নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। প্রায় সাত মাস আগে এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে, যাতে মন্টুর চাচাতো ভাই জয়নুর (৫০) নিহত হন এবং খাজা আহমেদ (৫৫) ও জাহির (৪৫) গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন।
ভুক্তভোগী মাসুম বিল্লাহ মন্টু জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে তিনি গত দুই বছর ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার সকালে খবর পান, নুরুল হক ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার প্রায় দুই বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। পূর্বের সংঘর্ষের কারণে নিরাপত্তার আশঙ্কায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ধান কেটে নিয়ে চলে যায়। এর আগেও একইভাবে তার জমি থেকে ভুট্টা ও গম কেটে নেওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযুক্ত নুরুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com