
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে ছাত্রদলের মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শুরুর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।
গুলিবিদ্ধদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের লোকজন মুখোশ পরে এসে গুলি করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com